গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের এ রেকর্ড করা হয়েছে। এটিই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে জানিয়েছে রাজশাহীর আবহাওয়া দপ্তর।

এদিকে, ভারী বর্ষণে ডুবে গেছে রাজশাহী নগরীর নিচু এলাকা। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সড়কের উপরে চলছে নৌকা।

নগরীর বর্ণালি মোড়, সাহেববাজার, কাদিরগঞ্জ, দড়িখড়বোনা ও রেলগেট এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সড়কে জমে আছে হাঁটুসমান পানি। এছাড়াও লক্ষ্মীপুর, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকা ও অনেক বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে জলাবদ্ধতায় আটকে পড়েছে মানুষ।

নগরবাসীরা বলছেন, এই বৃষ্টি অনেকদিন ধরেই দেখা যায়নি। অনেকের বাড়িতে পানি চলে এসেছে। এর মধ্যে কষ্ট করেই থাকতে হচ্ছে। এখন পানি বের না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। উপশহরের মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার সড়কগুলোতেও হাঁটুপানি জমে রয়েছে। অনেকের বাড়িতেও ড্রেনের পানি ঢুকেছে। বাসিন্দারা বলছেন, এই মুহূর্তে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা- তা বুঝা মুশকিল।

রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান জানান, নগরবাসীর অসচেতনতার কারণে ড্রেন দিয়ে ঠিকমতো পানি প্রবাহিত হতে পারছে না। নগরবাসী ড্রেনে ময়লা ফেলছে। তা ছাড়া এখন এই শহরে প্রচুর ভবন নির্মাণ হচ্ছে। এসব ভবন নির্মাণের বালিসহ উচ্ছিষ্ট ম্যাটেরিয়ালস ড্রেনে ফেলা হচ্ছে। এতে ড্রেনের নাব্য কমে গেছে। এসব কারণে একটু বৃষ্টি হলেওই ড্রেনের পানি উপচে এসে রাস্তায় জমছে বলে মনে করেন রাসিকের এই পরিকল্পনাবিদ।

এদিকে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের বেশ কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি মৌসুমে গতকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়া আরো দু-একদিন থাকতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত ২৪৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে রেকর্ড।