পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত বাজারগুলোকে পুরস্কার দেয়া হবে। রোববার (২০ অক্টোবর) ঢাকার পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীরা এ কাজে সহায়ক ভূমিকা পালন করবে।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যবসায়ীদের এ নিষেধাজ্ঞা কার্যকর করতে এগিয়ে আসতে হবে। সরকার এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমরা চাই, ব্যবসায়ীরাও এ উদ্যোগে অংশীদার হোক।

পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতারা সরকারের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং পলিথিনের উৎস বন্ধে বিভিন্ন পরামর্শ দেন।