ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটি আসনে অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে তা ক্রমান্বয়ে সব আসনে ছড়িয়ে পড়বে এবং এর ফলে সারা দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টিকে বিএনপি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে যেতে চাইলে তা দলের জন্য শুভ হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’

তিনি আরো বলেন, ‘ক্ষমতাসীন দল নিজেদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে পাঠ্যবইয়ে কখনো কাউকে দেবতা, কখনো কাউকে ইবলিশ হিসেবে উপস্থাপন করা হয়; সাধারণ মানুষের ভূমিকা অনুল্লেখিত থেকে যায়।’

তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে এখনো ভাষা আন্দোলন নিয়ে পর্যাপ্ত আলোচনা অন্তর্ভুক্ত হয়নি, যা দুঃখজনক ও লজ্জাজনক।’