ঢাকা-বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় বাসচাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন পুলিশের উপপরিদর্শক ফায়েজ (৩৩) ও দুদকের হেডক্লার্ক এমদাদুল হক (৩৫)।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এসআই ফায়েজ ঈদের ছুটিতে কয়েক দিন আগে বাড়িতে এসেছিলেন। বরিশাল নগরীতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে এমদাদুলকে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। ঝালকাঠির দিক থেকে আসা বরিশালগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খায় তাদের বাইকটি। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেয়া হলে ফায়েজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মারা যান এমদাদুলও। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে চালক বাসটিকে রাস্তার পাশে খাদে নামিয়ে দেন। তারপরও মোটরসাইকেলের আরোহীরা বাসের নিচে চাপা পড়েন।

কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।