গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর মেহেদী হাসান (১০) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের বাগানেরটেক এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী এ তথ্য জানান।
নিহত মেহেদী হাসান ওরফে মাহিম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরাইদ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আমিনুল ইসলাম স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্রীপুর পৌরসভার মাদখলা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় পুলিশ রনি মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রনি গোসিংগা ইউনিয়নের সাভারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে একজন পেশাদার চোর ও অপহরণকারী। তার বিরুদ্ধে আগেও শ্রীপুর থানার মামলা রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, সোমবার বিকেলে অপহৃত হয় শিশু মেহেদী। এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত শুরু করে। তারা অপহরণকারীকে ধরতে শ্রীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রনি এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, গোসিংগা ইউনিয়নের সাভারচালা গ্রামে শালবন থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী বলেন, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে তাকে গভীর গজারী বনে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতক রনি। আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










