ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধে কবির হাওলাদার (৩৮) নামে এক মৎস্যজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা কবিরকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সকালে তিনি বাড়ি থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।