পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০টির বেশি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়েরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কেউ দোকানগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময়মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অন্যদিকে সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাবাদের আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় তিনি বলেন, পিরোজপুর সদরের পাঁচপাড়ায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নেছারাবাদের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপণ চলছে।
নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।










