বান্দরবানের রুমায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
রুমা থানা পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে রুমা-বগালেক সড়কের মুনলাইপাড়ায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বগালেকগামী ট্রাক। এতে মোটরসাইকেলচালক আবু সালেহ (৪৫) ও আরোহী আজাদ (৩৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক সালেহকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সালেহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের বাসিন্দা বলে জানা গেছে।
অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়া খালি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার ধরমপুর ইউনিয়নের হিসনাপাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালক আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।









