ঢাকার শুক্রাবাদের এক বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল ধানমন্ডির ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) এবং এ দম্পতির শিশুপুত্র মো. বায়জিদ (৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও শিশু বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।