দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা বলছেন, শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম হতে পারে।
আজ রোববার (৭ জানুয়ারি) রাজশাহী-১ আসনের
বেশ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
ওই আসনের তানোর উপজেলার মুণ্ডমালা বালিকা
উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫৯৯ জন। তবে সেখানে ভোটার উপস্থিতি ছিল
একদমই কম। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন জানান, শীতের কারণে ভোটার
উপস্থিতি আপাতত কম বলে মনে হচ্ছে। এলাকাটি গ্রামের দিকে বলে ভোটার কম তা কিন্তু নয়,
শহরেও তীব্র শীতের কারণে কেন্দ্রে ভোটার কম আসছে।
এদিকে মুণ্ডমালা উচ্চ বালিকা বিদ্যালয়
কেন্দ্রে দেরিতে ভোট শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ভোটররা। প্রায় ১৭ মিনিট পর ভোট গ্রহণ
শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।
ভোট শুরুর দুই ঘণ্টা কেটে গেলেও এ কেন্দ্রে
৫-৭ জনের বেশি ভোটার চোখে পড়েনি।
এ আসনে এবার প্রার্থী রয়েছেন ১১ জন।
এখানে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৯ হাজার ৬৫৩
জন। আর নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৫৬৪ জন।
অন্যদিকে জেলা নির্বাচন অফিসের তথ্য
মতে, রাজশাহীর ছয়টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে
৭৭০টি। ওই ছয়টি আসনে ভোটার আছে ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার রয়েছেন
১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার রয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন।
ভোটারের উপস্থিতি কম হলেও সেখানে কোনো
অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক
শামীম।










