স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি-সন্ত্রাসের ঘটনাগুলো চলমান। ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে মনে করে চাঁদা দেয়াটাও দায়িত্ব। আবার যারা চাঁদা নেয়, তারা মনে করে এটা তার অধিকার। কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। ওইসব চাঁদাবাজদের স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, চাঁদাবাজি আর বরদাশত করা হবে না।’
গতকাল সন্ধ্যায় ৭টা কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘গণ-অভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছেন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সে বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ের চাঁদাবাজি, মাদক কারবারসহ যে বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, সেগুলো শক্ত হাতে দমন করা হবে। আমরা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানেই চাঁদাবাজ দেখবেন, বিভিন্ন সমিতির নামে টোকেনের মাধ্যমে টাকা নেয়া হচ্ছে, সেখানেই প্রতিবাদ করবেন।’










