জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আগামীকাল শনিবার থেকে আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ উদ্যোগে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এ শিরোনামে শুরু হওয়া এ সহায়তা কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জন আহত কিংবা শহীদের পরিবারকে সহায়তা পৌঁছে দেয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আটটি বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতা দেয়া হবে।’
সারজিস আলম বলেন, ‘প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতরা ১ লাখ করে টাকা পাবেন। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেয়া হবে।’
এ সময় শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে বলে জানান সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০ জনের অধিক। যা বারবার যাচাই করা হচ্ছে।’
আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান।










