কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ ইস্ট বি -৬১ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
নিহত যুবকের নাম মোহাম্মদ রফিক (৩৩)। তিনি ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন- ১২১৮১৬।
আর আটককৃতরা হলেন, মোতালেব (২২) ও জুনায়েদ (১৮)। তারা পুলিশ হেফাজতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কায়সার রিজভী কোরায়েশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে।










