পোড়া সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি। গতকাল সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। থেমে থেমে মুষলধারে বৃষ্টি। চলে প্রায় দেড় ঘণ্টা ধরে। পূর্ব সুন্দরবনসহ বাগেরহাট সদর, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ বৃষ্টিকে পুড়ে যাওয়া সুন্দরবন পূর্ব বন বিভাগের আমোরবুনিয়া এলাকার জন্য আশীর্বাদ হিসেবে দেখছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির মধ্যেও আমরা বনে ছিলাম। আগুন নির্বাপণে অংশ নেয়া বনরক্ষী ও বনকর্মীরা এখন আমার বুনিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে বনের মধ্যে এখন আর আগুন নাই। এরপরেও বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ নজর রাখা হবে।

শনিবার (০৪ মে) বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এদিন সন্ধ্যা নামায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ। পরে রোববার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপণ শুরু করে। সব শেষ সোমবার সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা করে ফায়ার সার্ভিস।