রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে মোট ২৭১টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১০টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এ ছাড়া মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও লালবাগে অভিযান চালিয়ে মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।










