ময়মনসিংহে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রংপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী ও কুমিল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ময়মনসিংহ: জেলার তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফুলপুর-তারাকান্দা সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার গোয়াতলা এলাকার আজমত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।
তারাকান্দা থানার এসআই মেহদী হাসান জানান, পার্শ্বরাস্তা থেকে একটি মোটরসাইকেল ফুলপুর-তারাকান্দা সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
রংপুর: পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার জামতলা সড়কের সোনাকান্দার কলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গঙ্গারামপুরের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)। পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা: জেলার দেবিদ্বারে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হলেন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলায়মান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৯) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৪)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, নতুন মোটরসাইকেল নিয়ে শামীম তার বন্ধু নাজমুলসহ ঘুরতে বের হন। রাত ২টার দিকে দেবিদ্বার ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাজমুল ও শামিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।










