ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ
রেজাউল করিম বলেছেন, ইসলামের আদর্শ বাস্তবায়ন যেখানে হয়েছে সেখানে শান্তি এসেছে। কোনো
স্বার্থের বিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বিক্রি হয়নি। জাতীয় নির্বাচনে অনেক
লোভ দেয়া হয়েছিল। কিন্তু কোনো লোভে পা দেয়নি। পূর্বে আমাদের দেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে
ব্যবহার হতো। তখন মানুষ পরাধীন ছিল। তবে বহু ছাত্র-জনতার হতাহতের মধ্য দিয়ে এ দেশের
মানুষ স্বাধীন হয়েছে। স্বৈরাচার হাসিনার দেশপ্রেম ছিল না। সে ভারতের স্বার্থে সব দিয়ে
দিয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নগরীর চাঁদমারী মাদ্রাসা রোডের মুজাহিদ
কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দল হিসেবে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে
প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেছে। চাঁদাবাজি, জমি দখল, লুটতরাজের স্বার্থে যখন সবাই
ব্যস্ত, আমরা তখন সংখ্যালঘু ও মানুষের পাশে কাজ করেছি। তিনি বলেন, মাঠ প্রস্তুত, ফসল
নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। দেশকে
অস্থিতিশীল করতে চক্রান্তকারীদের কোনো জায়গা হবে না। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ
করা হচ্ছে। ভালো কাজে সহযোগিতা করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় জেলার তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, মাওলানা মুহাম্মদ এবিএম জাকারিয়া, জেলার উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আবুল কসলাম আজাদ, দপ্তর সম্পাদক মাষ্টার নুরুল হক মিঞা প্রমুখ।










