ময়মনসিংহের মুক্তাগাছায় সুরুজ আলী ওরফে সূর্যি (৪৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মুক্তাগাছা উপজেলার গাবতলী বাজারসংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুরুজ আলী মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা এবং মৃত গণি মণ্ডলের ছেলে। তিনি ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেলের চালক একই গ্রামের হেলাল উদ্দিনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সুরুজ আলীর চাচা মো. সাইন উদ্দিন জানান, শনিবার রাতে মুক্তাগাছার গাবতলী বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল চালক হেলাল উদ্দিন মারাত্মক আহত অবস্থায় পড়েছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ছিল সুরুজ আলী ওরফে সূর্যি। তিনি ঘটনাস্থলেই মারা যান। কীভাবে তার মৃত্যু হয়েছে আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারছি না।
মুক্তাগাছা থানার এসআই কমল মনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










