কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ চার মহানগর ও দুই জেলায় সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আজই সেনা মোতায়েন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু আমাদের সব সময় সতর্ক থাকতে হয়।
তিনি আরো বলেন, আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমরা আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি, যা তারা সবসময়ই থাকে। তার বাইরে আমরা ৩০ তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদের ইন এইড টু সিভিল পাওয়ার মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুইটি জেলা তাতে আমরা ডেপ্লয় করেছি। যাতে যে কোন রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।
পুলিশ বাহিনীর প্রতি সরকারের আস্থা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আস্থা-অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, এচিভমেন্ট আছে, সবগুলো আমরা পুরস্কৃত করেছি। দুই একটা জায়গায় যেখানে একটু শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ড করেছে, তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এইখানে আস্থাহীনতার তো কোনো বিষয় নেই।
সম্প্রতি সেনাবাহিনী প্রত্যাহারের পর আবার মোতায়েনের কারণ সম্পর্কে তিনি বলেন, গত ১৫ জুন সারা দেশ থেকে তাদের প্রত্যাহার করা হয়েছিল। তারা প্রায় দেড় বছর মাঠে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব তাদের প্রত্যাহার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এটা শুধু নয়, আরো কিছু বিষয় আছে। আমি এখানে এগুলো বলতে চাই না।










