নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করাসহ ১০ দফা দাবিতে আগামী সেপ্টেম্বর মাসে সারাদেশে শ্রমিকেরা একযোগে কর্মবিরতিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম।আজ বুধবার দুপুরে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশাল শাখার আয়োজনে বরিশালে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ ইঙ্গিত দেন।

অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম জানান, সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয় ২০১৬ সালে। তখন বেতন নির্ধারিত হয় ১২ হাজার টাকা। গত ৬ বছরে দ্রব্যমূল্য দ্বিগুণ হয়েছে। লঞ্চে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কয়েক দফা। কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি। শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর বিবেচনা করে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করতে হবে। 

মাস্টার আবুল হাসেম আরো জানান, বেতন বৃদ্ধির দাবি বাস্তবায়নের জন্য নৌযান চলাচলকারী জেলাগুলোতে শ্রমিকরা পর্যায়ক্রমে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শোকের মাস শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে শ্রমিকেরা একযোগে কর্মবিরতিতে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন।  নগরীতে বিভিন্ন লঞ্চে কর্মরত নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন। 

অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি শেখ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলী, কামরুল ইসলাম, হারুন অর রশিদ মাহবুব, মোসলেম সিকদার, কবির হোসেন, আসাদুজ্জামান, তুষার সেন প্রমুখ। এর আগে নৌযান শ্রমিকরা বরিশাল নৌ-বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন।