ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র শরীফ মোল্লার (২৫) হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার যোগীবরাট গ্রামে নিহতের বাড়ির সামনের সড়কে কয়েকশ নারী-পুরুষ এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়। নিহত শরীফ যোগীবরাট গ্রামের কৃষক সাঈদ মোল্লার ছেলে।

মানববন্ধন থেকে হামলাকারীদের আটক করে আইনের আওতায় এনে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নিহতের পরিবারের দাবি, গত ২১ মে সকালের দিকে শরিফ মোল্লাবাড়ির কাছে ধানখেতে যাওয়ার সময় প্রতিপক্ষের ২৬-৩০ জন অতর্কিতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মে তার মৃত্যু হয়েছে।