সুনামগঞ্জে এনামুল হক মুসা নামে ৪ বছরের এক শিশুকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছেন আব্দুল হালিম নামের এক যুবক।
আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শহরের হাসন নগর এলাকার নুরুল হকের ছেলে।
এঘটনায় স্থানীয়রা ঘাতক আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক আব্দুল হালিম সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বাসিন্দা।
ঘটনাটি পাশের বাড়ির সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে খেলা করছিল শিশু মুসা। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল হালিম। আচমকা তিনি শিশুকে লাথি দিয়ে মাটিয়ে ফেলে দেন। এরপর একটি বড় পাথর দিয়ে মাথায় আঘাত করেন। এতে মুসার মাথা থেঁতলে যায়। শিশুর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে ঘাতককে আটক করে এবং শিশুটিকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনিত হলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটক যুবক আব্দুল হালিম
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুর রহমান বলেন, পৌর শহরে একটি ৪ বছরের শিশুর মাথা থেঁতলে খুন করা হয়েছে। স্থানীয়রা আসামিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তদন্তে স্বার্থে এর বেশি কিছু এখন বলা যাচ্ছে না।










