ঝিনাইদহে প্রতিপক্ষের ধাওয়া থেকে পালাতে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লেগে সরকারি ভেটেরিনারি কলেজের ৩ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদরের আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ কলেজের ছাত্র সংসদের ভিপি ও চতুর্থ বর্ষের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদুল ইসলাম এবং সমরেশ বিশ্বাস। 

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় বিদ্যুতের পোল বোঝাই একটি লরি দাঁড়িয়ে ছিল। ওই সময় শহর থেকে ভেটেরিনারি কলেজে ফেরার পথে শিক্ষার্থীদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। 

বিষয়টি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন কলেজের ছাত্র সংসদের জিএস সজিব আহম্মেদ। তিনি জানান, সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ডিগ্রি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। নেতৃত্ব দেয়া নিয়ে সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমেদের সঙ্গে তার বিরোধ চলছে।

গতকাল রাতে মুরাদ ও সজিবসহ আরো কয়েকজন শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। জোহান পার্কের সামনে পৌঁছালে প্রতিপক্ষ দল তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে সজিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের হামলা থেকে বাঁচতে ভিপি মুরাদসহ তিনজন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেলে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব আহমেদ বলেন, এমন ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি। লরিটির পেছনে কোন আলো ছিল না। মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছি। 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা যে বিষয়ে অভিযোগ করছে, সে ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।