জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সারোয়ার মাহমুদ। গতকাল যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) সারোয়ার মাহমুদ ২০২০ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান। এর আগে তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ছিলেন। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উইং-৩ (প্রশাসন ও মধ্যপ্রাচ্য)-এর প্রশাসন অধিশাখায় কর্মরত ছিলেন। তার আগে ছিলেন বগুড়ার জেলা প্রশাসক।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ড. মঞ্জুর আহমেদ চৌধুরী তিন বছরের জন্য নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। যদিও ২০২৩ সালের ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। নানা পদক্ষেপ নিয়ে আলোচনায় ছিলেন মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি একজন কীটতত্ত্ববিদ।










