শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আরো একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল ভোরে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি হাতির মৃত্যু হলো।

এর আগে গত ৯ নভেম্বর জেলার শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল। ওই হাতিটি স্থানীয়রা বিদ্যুতের তারে জড়িয়ে হত্যা করে। ওই ঘটনায় ১১ নভেম্বর ৪ জনকে আসামি করে একটি মামলাও করে বন বিভাগ।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক ২ বছর। হাতিটির কেবল দাঁত উঠতে শুরু করেছিল। কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিল।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে তাত্ক্ষণিকভাবে তারা নিশ্চিত করতে পারেননি। পোস্টমোর্টেমের পর সঠিক তথ্য জানা যাবে বলে বন বিভাগ জানায়।