খুলনার তেরখাদায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ধারালো দেশীয় অস্ত্রের কোপে প্রতিবন্ধী ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ইফতারির সময় এ ঘটনা ঘটে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার ইফতারের (মাগরিবের) আজান দেওয়ার সাথে সাথে তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী ইতুদুল শেখকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই জামিল শেখ। এরপর জামিল পালিয়ে যান। 

স্থানীয় লোকজন জখম ইতুদুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

পুলিশ এখনো বড় ভাই জামিলের সন্ধ্যান পায়নি। তিনি আরও জানান, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।