পরিবেশ দূষণের অপরাধে কুমিল্লা, বান্দরবন, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ছয় প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে এক লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে আজ বুধবার চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম প্রতিষ্ঠানসমূহের মালিক বা প্রতিনিধিকে তলব করে শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ জরিমানা ধার্য্য করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ডায়গনস্টিক সেন্টার, দুইটি ফ্লাওয়ার মিল, একটি ফিলিং স্টেশন, একটি মিষ্টান্ন ভান্ডার ও একটি ইকো ব্রিক্স রয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে কুমিল্লার মেডি কমপ্লেক্স (প্রা.) লিমিটেডকে ১৫ হাজার, একই জেলার বিসিক শিল্প নগরীর জাহাঙ্গীর ফ্লাওয়ার মিল ও মেসার্স কুমিল্লা ফ্লাওয়ার মিলকে ৩০ হাজার টাকা করে, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার নাইস ইকো ব্রিক্স অ্যান্ড পেভারস ব্লক ফ্যাক্টরিকে ১০ হাজার, ব্রাহ্মণবাড়িয়ায় ঠাকুর মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার মেসার্স ফোর স্টার সিএনজি ফিলিং স্টেশনকে ১০ হাজার এবং বান্দরবন এলাকার মনির চৌধুরীর ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।পরে ক্ষতিপূরণের টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা দেয়া হয়।
মুফিদুল আলম জানান,পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ শুনানি গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।












