গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি সালেহ আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের চেয়ারম্যান ইশিতা রায়, ইতিহাস বিভাগের চেয়ারম্যান সানজিদা পারভীন, প্রভোস্ট মাহাবুব আলম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, শুক্রবার বশেমুরবিপ্রবির এক ছাত্রীকে টিউশনি দেয়ার কথা বলে শহরের নবীনবাগে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেন। এ ঘটনায় বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মুরাদ হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার আলমগীর হোসেন বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে হেয়প্রতিপন্ন করার একটা অপচেষ্টা চলছে।’