বাংলাদেশে নার্সিং শিক্ষায় পিএইচডি চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউজিসিতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে গুণগত নার্সিং শিক্ষার জন্য পিএইচডি ডিগ্রি চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে দক্ষতা ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ বাড়ানো দরকার। এ খাতে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, দেশে নার্সিং শিক্ষার মান উন্নয়নে জাতীয় স্বার্থ ও মান নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা প্রয়োজন। বর্তমানে নার্সিংয়ে ডিপ্লোমা, বিএসসি ও এমএসসি ডিগ্রি চালু থাকলেও পিএইচডি ডিগ্রির অভাবে এ খাতের শিক্ষা ও গবেষণার মান উন্নত হচ্ছে না।
কোইকার প্রতিনিধি প্রফেসর থেহুয়াহ লি দেশের নার্সিং শিক্ষা ও গবেষণার ওপর একটি সার্ভে রিপোর্ট উপস্থাপন করে বলেন, জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিয়ানার) মাধ্যমে পিএইচডি চালু হলে খাতটির শিক্ষা ও গবেষণায় গতিশীলতা আসবে। তিনি এ জন্য একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।
সভায় ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, যুগ্ম সচিব মুহম্মদ নাজমুল ইসলামসহ ইউজিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










