চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। একই উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় আরো ২৭ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
গতকাল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ। মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে প্রধান আসামি করে মোট ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই রাউজান উপজেলার বাসিন্দা।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট সোহাইল লুৎফুল হাসনাত জানান, রাউজানের সাবেক চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিমসহ ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আদালত মামলার আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।










