ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল (৪০) হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক তালুকদার, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন ও কামাল। আসামিরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রাষ্ট্র পক্ষের আইনজীবী সঞ্জীব কুমার সরকার জানান, ২০১১ সালের ২ জুন জেলার তারাকান্দার রামপুর ইউপি নির্বাচনে
চেয়ারম্যান প্রার্থী ছিলেন রিয়াজ উদ্দিন দুলাল। নির্বাচনে তিনি হেরে যান। এসব নিয়ে দ্বন্দ্বে ওই বছরের ১৬ জুন রাতে তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে তারাটি নিজ গ্রামে যাওয়ার পথে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন মারা যান তিনি।










