নানা বিতর্ক ও সমালোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানকে বিবেচিত করা হবে। এছাড়া পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ রাখা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

উপ-উপাচার্য বলেন, ‘আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এবারের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। কেননা রাবিসহ পাঁচ বিভাগীয় কেন্দ্রে হবে এবারের ভর্তি পরীক্ষা। পোষ্য কোটা ৩ শতাংশ ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাসহ বাকি সব আগের নিয়মে বহাল থাকবে। সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ফি ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।’