রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় আগমনী যাত্রীদের তাৎক্ষণিক তথ্য সেবা প্রদান ও স্বল্প সময়ের মধ্যে যাত্রীদের কাস্টমস শুল্ক-করাদি, গ্রিন চ্যানেল ও রেড চ্যানেল ব্যবহার সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এছাড়াও বিমানবন্দর কাস্টমের আধুনিকায়নে পূর্বে স্থাপিত ৩টি স্ক্যানারে পাশাপাশি নতুন আরো ৩টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন চালু ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বি আর চালান চালু করা হয়েছে।

কাস্টমস হাউস ঢাকার কমিশনার মোবারা খানম বলেন, পুরনো সিস্টেম থেকে বের হয়ে যাত্রী সেবার পুরো প্রক্রিয়াটি আধুনিকায়নের চেষ্টা করে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ যাতে সম্মানিত যাত্রী ও আমাদের প্রবাসী ভাই-বোনেরা স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করে বিমানবন্দর ত্যাগ করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিমানবন্দর কাস্টমসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি কাস্টমস-এর এয়ার ফ্রেইট ইউনিট, আন্তর্জাতিক কুরিয়ার ইউনিট এবং বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।