রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মী ও পথচারী এক নারী দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মোহাম্মদ আশিক। তিনি জানান, বিকাল সাড়ে ৫টা দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে চায়ের দোকানে স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে আমার ভাতিজাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও পেছনে গুলিবিদ্ধ হয় সে। পরে খবর পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরো জানান, আমার ভাতিজা পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকায় বিএনপি কর্মী ও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আলমগীরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ আরেকজন মিরপুর-১ এলাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।