ঢাকায় রোববার ভোরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান,  ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নিকলিতে। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে।

অন্যদিকে, নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।