রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস কেমিক্যাল কারখানায় আগুনে নিহত চার বাংলাদেশীর মধ্যে দুজনের মরদেহ দেশে পৌঁছেছে। এ দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন ও মেহেরপুরের গাংনীর মো. আলাল হোসেন রাজু।
রাশিয়ার মস্কো থেকে গত মঙ্গলবার তাদের মরদেহ টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-০৭১২) বাংলাদেশে পাঠানো হয় বলে এক বার্তায় জানিয়েছিলেন মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান। গতকাল ভোর ৫টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ২৫ আগস্ট আমুর অঞ্চলে সভোবোদনি শহরের কাছে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে এ পর্যন্ত চার বাংলাদেশী মারা গেছেন।
ঘটনার দুইদিন পর ২৭ আগস্ট এক বাংলাদেশীর মৃত্যু এবং আরেকজনের নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিলেন মস্কো বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। পরে আব্দুল কুদ্দুস নামে আরেকজনের মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হুগলবাড়ীয়ায়। গত শুক্রবার মমিনুল ইসলাম নামে আরো এক বাংলাদেশী প্রাণ হারান। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে।










