হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের, সেই ভয়ে পথ হারিয়ে তারা এখন পদযাত্রায় মিলেছে।’ গতকাল সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অনুষ্ঠানে মোশারফ-ফজিলাতের নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি দেয়া হয় এবং ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা জানে না যে আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়া জেনে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে তাদের আন্দোলনে যায়নি।’
তিনি আরো বলেন, ‘রাজনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন, নির্বাচন মানেই রাজনীতি নয়। রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে।’
নতুন করে আর নির্বাচনী ওয়াদা করতে চান না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আগের কাজগুলো শেষ করতে চাই। নতুন কাজ হাতে নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না।’
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘একজন দক্ষ, সৎ, গুণী-জ্ঞানী সিনিয়র দায়রা জজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।’
ফাউন্ডেশনের বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রাহ্বার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহামন, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রমুখ। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ অন্যরা।










