খাগড়াছড়ির দীঘিনালা থানা বাজারে আগুন লেগে পুড়ে গেছে সাত ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ খবর জানাতে পারেনি তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। এর মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে প্রসাধনী, স্বর্ণালংকার, হার্ডওয়্যার, জুতা ও ক্রোকারিসের দোকানসহ একটি সিগারেট কোম্পানির অফিস। আগুনে না পুড়লেও ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরো কিছু দোকান।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, আগুনে ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ চলছে। আপাতত আগুন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।