সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. ফজলুর রশিদ। তিনি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহসিং নদীর তীরবর্তী চারটি প্রকল্প বাস্তবায়ন কমিটির বাঁধের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মো. ফজলুর রশিদ বলেন, হাওরের ফসল রক্ষায় কৃষকরা দ্রুতগতিতে কাজ করছেন। নির্ধারিত সময়সীমা ২৮ ফেব্রুয়ারির মধ্যেই হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনাভাবেই বাঁধ নির্মাণকাজে ছাড় দেয়া হবে না। হাওরের বাঁধগুলোর ঝুঁকিপূর্ণ অংশের কাজ নির্মাণের জন্য পরিকল্পনা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যয় অনেকটা কমে আসবে। তিনি বলেন, হাওরের নদীগুলোর পানি ধারণক্ষমতা কমে গেছে। সেই নদীগুলোর কাজ একবার হয়েছে, আবারো সুনামগঞ্জে দ্বিতীয় পর্যায়ে নদীখননের কাজ অচিরেই শুরু করা হবে। তখন হাওর এলাকার নদীগুলোর পানি ধারণক্ষমতা এবং পানিপ্রবাহ বৃদ্ধি পাবে।










