পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেয়ার খবরে দ্বীপজুড়ে আনন্দ-উল্লাস বিরাজ করছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সেন্ট মার্টিন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। গতকাল বিকালে দ্বীপের প্রধান সড়কজুড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, পর্যটন মৌসুমকে ঘিরে দ্বীপের বাসিন্দারা নতুন আশা দেখছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পর্যটকদের আগমন বাড়লে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, নৌযানসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসায় কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন তারা।
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন। তবে প্রতিদিন পর্যটকের সংখ্যা গড়ে সাড়ে তিন হাজারের বেশি হবে না। এছাড়া প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।










