জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গঠন করেছি। তবে নির্বাচনটি হতে হবে গণপরিষদের। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’

গতকাল রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন; আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এ সরকারের সময়েই করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এ সরকারকে এনেছে; পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে সেই দাবি জানাচ্ছি। যে সময়সীমা দেয়া হয়েছে, সে সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণ-অভ্যুত্থানের সঙ্গে আপস করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের গণ-অভ্যুত্থান এবং বর্তমান যাত্রা হচ্ছে, পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা-চেতনার মধ্যে রয়েছে।’