বগুড়ার শিবগঞ্জের একটি ধানক্ষেত থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শিরিনা সুলতানা (২৩) শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের মো. মামুনের (৩০) স্ত্রী। বুধবার সকালে এঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই আলী আকবর জানান, সকালে ধানক্ষেতে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, শিরিনা সুলতানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিরিন একই উপজেলা তেঘরী গ্রামের মৃত সেকেন্দার আলীর মেয়ে। প্রায় এক বছর আগে ভালবাসার সূত্রে মামুনের বিয়ে হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মামুন পলাতক রয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।










