কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) রাত ১২টার পর থেকে তিনমাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গতকাল সোমবার বিকালে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মৎস্য সম্পদের উন্নয়ন, মৎস্য আহরণ ও বাজারজাত করণের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীদারদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক জানানো হয়, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় এ হ্রদের পানি কমছে এবং হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসছে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময়ে স্থানীয় বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে কাপ্তাই হ্রদ নির্ভরশীল জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেবে সরকার।

বৈঠকে ছিলেন কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটি নদী উপকেন্দ্র প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার, মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজ, মো. শুক্কুর, উদয়ন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা।