বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা যুক্ত করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবাগুলো উদ্বোধন করা হয়।

নতুন যুক্ত হওয়া সেবাগুলো হলো— ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। এর ফলে বিনিয়োগকারীরা এখন বিডার প্ল্যাটফর্মে ৪৭টি সংস্থার মোট ১৪২টি সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এসব সেবা আর হাতে কলমে দেয়া হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।

তিনি আরো বলেন, বিডা ও বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো থেকে সব এজেন্সির সেবা দেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। আরো বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান ও বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়।