মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কেরোসিন ঢেলে শরীরে আগুন দিয়ে গৃহবধূ শিখা হত্যার দায়ে স্বামীসহ তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানিয়া কামাল এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয়ের দক্ষিণ শালজানা গ্রামের বিল্লাল হোসেন, তার প্রথম স্ত্রী ফাহিমা এবং মা ছিপারন বেগম। তাদের মধ্যে বিল্লাল হোসেনকে সাত বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ফাহিমা ও ছিপারনকে চার বছর কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
২০০৬ সালের ১৫ আগস্ট স্বামী, সতীন ও শাশুড়ি মিলে শিখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।










