দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মিনার (১৮) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে। অন্যদিকে নিখোঁজ দুজন হলেন একই গ্রামের লতিফুর রহমানের ছেলে এমদাদুল (২৮) এবং সালমান হোসেনের ছেলে সাগর (২০)। দাইনুর বিজিবির বিওপির নায়েক সুবেদার আকতার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বুধবার গভীর রাতে পাঁচজন বাংলাদেশী শুঁটকি ব্যবসায়ী সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। অন্য চারজন নিখোঁজ হন। পরে নিখোঁজ চারজনের মধ্যে দুজন গ্রামে ফিরে আসেন।
দাইনুর গ্রামের বাসিন্দারা জানান, সীমান্ত দিয়ে চোরাপথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারত থেকে মাছের শুঁটকি আনতে যান। গত বুধবার রাতে শুঁটকি আনতে গিয়েই বিএসএফের গুলিতে মিনার নিহত হয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিজিবি দাইনুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আকতার হোসেন জানান, ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদসহ চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধমে নিহতের মরদেহ হস্তান্তর হতে পারে বলে তিনি জানান।










