কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইবি থানার লক্ষ্মীপুরের ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গতকাল রাত ৮টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের বহন করা একটি অ্যাম্বুলেন্স যশোর যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছলে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে।