শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৫টার দিকে সদর উপজেলার কুসুমহাটি বাজারের জনৈক সুজনের প্লাস্টিক ও সুতার দোকানে পিডিবির বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ওই দোকানের প্লাস্টিক ও সুতা পুড়ে পার্শ্ববর্তী মুদি দোকান, চালের আড়ত, কসমেটিকস, পান-সুপারি, স্যালুনসহ মোট ১৩টি দোকান পুড়ে যায়। আগুনের খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক জাভেদ হোসেন তারেক জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।










