পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে লেবানন থেকে আরো ৩০ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশীদের ৩০ জনকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৮০ জন বাংলাদেশীকে লেবানন থেকে প্রত্যাবাসন করা হয়েছে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশী লেবাননে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আইওএমের পক্ষ থেকে দেশে ফিরে আসা প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার লেবাননে আটকে পড়া সব বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশীদের সহায়তা করছে এবং যারা ফিরতে চায় না তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।










