অবৈধভাবে ভারত থেকে কয়লা নিয়ে ফেরার পথে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৮) নামে বাংলাদেশী এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বিকালে টেকেরঘাট বুরুঙ্গাছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিজিবির কোম্পানি কমান্ডার জাফর আহমেদ। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে দলবেঁধে অবৈধভাবে ভারত থেকে চোরাইপথ ব্যবহার করে কয়লা আনতে দেলোয়ার হোসেনসহ কয়েক যুবক ভারত সীমান্তে অনুপ্রবেশ করেন। কয়লা নিয়ে ফিরে আসার পথে তাদের বাধা দিলে তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।










